
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।
মঙ্গলবার রাজধানীর শহীদ ওয়াহিদুল ইসলাম মিলনায়তনে দুপুর তিনটায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও শাখা সভাপতি এমএ জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি এইচএমএস মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান। এসময় মহানগর ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে আত্ম বলিদানকারী জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ২৬শে মার্চ জাতির জীবনে গুরুত্বপূর্ণ দিন। দিনটি জাতির ত্যাগ ও অর্জনের স্মারক। মহান স্বাধীনতার লক্ষ্য হচ্ছে, এদেশের মানুষের মৌলিক অধিকার, ইনসাফ, গণতন্ত্র, সুবিচার প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে স্বাধীনতার ৫৪ বছর পার হলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পারিনি। দেশে শুধু নজিরবিহীন অপশাসনই চলছে না বরং আগামীর বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার সকল আয়োজন প্রায় সম্পন্ন করা হয়েছে। আর এ ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য শিক্ষাব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জাতির সত্তার সাথে মিশে থাকা ইসলামী ভাবধারা, সামাজিক রীতিনীতি, সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, গৌরবগাথা ও নিজস্ব সত্তাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বগ্রাসী ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে। ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখন তারা ইফতার মাহফিলে হামলা চালিয়ে রোজাদার শিক্ষার্থীদের রক্তাক্ত করছে। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সর্বমহলে উদ্বেগ-উৎকণ্ঠা আরো বেড়ে গেছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য বিভেদ নয় ঐক্য। বিজয়ের মূল টার্গেট হচ্ছে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আজকে প্রতিটি মানুষের মাঝে বিভেদের দেয়াল তৈরী করে দেয়া হয়েছে। যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করত তাহলে দেশ এতদিনে বহুদূর এগিয়ে যেত। কিন্তু এদেশে ফ্যাসিবাদী শক্তি দেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। কারও ব্যক্তিগত স্বাধীনতা নেই। ধর্মীয়, আর্থিক ও মত প্রকাশের স্বাধীনতা নেই। ক্ষমতায় থাকা ছাত্র সংগঠনগুলো ছাত্রদের অধিকার ভোগ করতে দিচ্ছে না। এগুলো কোনোভাবেই রক্তে অর্জিত একটি স্বাধীন দেশের সভ্য চিত্র হতে পারে না।
ভিন্নবার্তা/এমএসআই