
পরিশ্রমী পরিবহন শ্রমিক আব্দুল কুদ্দুস (৪৩) জীবনে ককনো কারো কাছে হাত পাতেন নি। জীবনে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস তার বেঁচে থাকার সম্বল ছিল। কিন্তু এখন তিনি খেই হারিয়ে ফেলেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দাড়িয়ে তার শ্বাস প্রশ্বাসে কেবলই বেঁচে থাকার আঁকুতি। দুইটি শিশু সন্তান এক কলেজ পড়–য়া এক মেয়ে নিয়ে বেঁচে থাকার লড়াই কঠিন হয়ে উঠেছে। দুর্ঘটনায় আব্দুল কুদ্দুসের মেরুদন্ডের চারটি ও বুকের একটি হাড় ভেঙ্গে গেছে। তার চিকিৎসা করানোর মতো অর্থ নেই। হাসপাতালের বিছানায় শুয়ে তাই কি ভাবে এই সংকট কাটিয়ে উঠবেন তা নিয়ে দুঃশ্চিন্তগ্রস্থ হয়ে পড়েছেন। ট্রাকের হেলপার আব্দুল কুদ্দুস ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে। স্থানীয় ইউপি মেম্বর শহিদুল ইসলাম মনসাদ জানান, আব্দুল কুদ্দুস হতদরিদ্র ঘরের সন্তান হলেও খুবই পরিশ্রমী ছেলে। কিছুদিন আগে যশোরের নওয়াপাড়ায় ট্রাকে সার লোড করতে গিয়ে পড়ে মেরুদন্ডের চারটি ও বুকের একটি হাড় ভেঙ্গে যায়। প্রথমে তাকে ঝিনাইদহ ও পরে ঢাকার আগারগাঁও জাতীয় অর্থপেডিক হাসপাতালে প্রফেসর ডাঃ রেজাউল করিমের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি আরো জানান, আগামীকাল বুধবার (২৭ মার্চ) তার মেরুদন্ডের অপারেশন করার কথা। এ জন্য তার প্রয়োজন আড়াই লাখ থেকে তিন লাখ টাকা। কিন্তু তার আর্থিক অবস্থা এতই খারাপ যে অপারেশনের টাকা জোগাড় করার মতো সঙ্গতি নেই। আব্দুল কুদ্দুসের স্ত্রী লিপি বেগম জানান, তার বড় মেয়ে কণা খাতুন ঝিনাইদহ সরকারী মহিলা কলেজে পড়ে। দুই শিশু সন্তান লিখন ও রায়হানকে নিয়ে অথৈ সাগরে পেড়েছেন। সংসারে একমাত্র কর্মক্ষম ছিল তার স্বামী আব্দুল কুদ্দুস। তিনি সুস্থ হয়ে না উঠলে একটি পরিবার ধ্বংস হয়ে যাবে। গত এক মাস তিনি সন্তানদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারছেন না। লিপি বেগম তার স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রয়োজন। কেউ সাহায্য করতে চাইলে ০১৭৩৯-১০৫৩৮৬ নাম্বারে বিকাশ অথবা নগদে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। তিনি কান্না বিজড়িত কন্ঠে জানান, আপনাদের দান আমি ও আমার সন্তানদের বেঁচে থাকার প্রেরণা যোগাবে।
ভিন্নবার্তা/এমএসআই