1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সোনারগাঁয় নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, পুলিশসহ আহত ২০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪ ১০:২৬ am

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে পুলিশ সদস্যসহ ২০ জন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ। গতকাল শনিবার বিকেলে পিরোজপুরের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভূঁইয়া (২৫) দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। গুলিবিদ্ধ অন্যজন হলেন গ্রামটির কামাল ভূঁইয়ার ছেলে ওমর ফারুক (২৭)। তাঁরা দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কায়সার আহম্মেদ রাজুর সমর্থক। ঘটনার পর ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগণনায় আজিজ ৯২৯ ভোট ও রাজু ৮১১ ভোট পান।

এ সময় ফল জানার পর ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমানকে ফের ভোটগণনার অনুরোধ করেন রাজু। আবার ভোট গণনা করলে রাজুর পক্ষে এক ভোট যুক্ত হয়। এ নিয়ে রাজুর মধ্যে অসন্তোষ দেখা দেয়। তিনি প্রিজাইডিং অফিসারের কাছে তৃতীয়বার ভোট গণনা করার দাবি জানান। তবে অফিসার আবার ভোটগণনায় রাজি হননি।
এ নিয়ে তাঁদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাজু কৌশলে কেন্দ্র থেকে বের হয়ে বিষয়টি তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেন। তাঁর কর্মী-সমর্থকরা নির্বাচনী দায়িত্বে থাকা লোকজনকে উপজেলা সদরে আসতে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশ ও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এ সময় কায়সার আহম্মেদ রাজুর সমর্থক হূদয় ভূঁইয়া ও ওমর ফারুক গুলিবিদ্ধ হন।
এ ছাড়া আপন, সাখোয়াত, মফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, রাশেদ, রিপনসহ ১২ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে হূদয় ভূঁইয়ার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) খবিরউদ্দিন, কনস্টেবল মঞ্জু মিয়া, জুয়েল রানা, আব্দুস সালাম, কবির হোসেন, নূর মোহাম্মদ ও আল আমিন আহত হন।

নিহত হৃদয়ের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, নির্বাচনে রাজু নির্বাচিত হন। কিন্তু পুলিশ ও প্রশাসনের লোকজন আজিজ সরকারকে জয়ী ঘোষণা করে চলে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে আবার ভোট গণনা করে ফল দেওয়ার অনুরোধ করলে আজিজ বহিরাগত লোকজন নিয়ে গুলি করেন। এ সময় পুলিশও রাজুর সমর্থকের ওপর গুলি চালায়।

সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, নির্বাচন শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আজিজ সরকারের সমর্থকদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় হাসপাতালে।

তবে প্রার্থী আজিজ সরকার বলেন, ‘ভোটগণনা শেষে আমাকে বিজয়ী ঘোষণা করে। আমি রাজু আহমেদের সঙ্গে কোলাকুলি করে বাড়ি চলে আসি। আসার ১৫ মিনিট পর জানতে পারি, রাজুর সমর্থকরা ব্যালট বাক্স ছিনিয়ে নিতে চাইলে পুলিশের সঙ্গে রাজুর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।’

ওসি এস এম কামরুজ্জামান আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের আট সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২০ মে ভারতের একটি হাসপাতালে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মুজিবুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়। গতকাল এই শূন্যপদে উপনির্বাচন হয়।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ