
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও এই শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার লক্ষ্যে ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ পর্যালোচনা ও বাস্তবায়ন নিয়ে সুপারিশ প্রদান করবেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন) আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে (সরকারি মাধ্যমিক অধিশাখা) সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-২), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়), ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান, ব্যানবেইসের পরিচালক, মাউশির পরিচালক (মাধ্যমিক), এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন মোহসীন উদ্দিন।