
সকালে খাদ্য সহায়তা পাওয়ার জন্য অপেক্ষা করছিল ক্ষুধার্ত মানুষগুলো। হঠাৎ ভিড়ের মধ্যে গুলি চালায় ইসরায়েলি সেনারা। সেই গুলিতে ও পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল ফিলিস্তিনের উত্তর গাজায়। ছবি : এএফপি
গাজা সিটিতে গতকাল বৃহস্পতিবার সকালে খাদ্য সহায়তা নেওয়ার জন্য অপেক্ষারত ক্ষুধার্ত ফিলিস্তিনির ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে ও পদদলিত হয়ে একশ জনের বেশি নিহত ও সাতশর বেশি আহত হয়েছে। এ ছাড়া গাজার নুসাইরাত, বুরেইজ ও খান ইউনিস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় যে ভয়াবহ ক্ষুধার পরিস্থিতি বিরাজ করছে, এ ঘটনা তাকেই তুলে ধরেছে।
টানা ইসরায়েলি হামলার জেরে গাজার কমপক্ষে পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে জাতিসংঘের সতর্কবার্তার মধ্যেই এই হামলা ও প্রাণহানির খবর এলো।
‘ঠাণ্ডা মাথায় গণহত্যা’
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গাজা সিটির নাবুলসি গোলচত্বরে বৃহস্পতিবারের ‘গণহত্যা’য় ১০৪ জন নিহত এবং ৭৬০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রাণের জন্য অপেক্ষমাণদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি এই ঘটনাকে ঠাণ্ডা মাথার ‘গণহত্যা’ বলেও আখ্যা দিয়েছে। এই ঘটনা ইসরায়েলের চলমান ‘গণহত্যামূলক যুদ্ধের’ অংশ মন্তব্য করে মন্ত্রণালয় ‘বেসামরিক লোকদের রক্ষার একমাত্র উপায়’ হিসেবে যুদ্ধবিরতি কার্যকর করতে ‘জরুরি হস্তক্ষেপের’ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে হুড়াহুড়ির সময় ত্রাণের ট্রাকের নিচে পড়ে। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু লোক মারা গেছে পদদলিত হয়ে ও ট্রাকের নিচে পড়ে।
ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় গুলির ঘটনার বিষয়ে ‘পরস্পরবিরোধী বিবরণ’ খতিয়ে দেখছেন তিনি। প্রসঙ্গত, আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ব্যাপক চাপের মুখে রয়েছেন বাইডেন।
নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল
এদিকে চলমান সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে বলে গতকাল গাজার শাসক হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অলাভজনক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, বিশ্ব গাজার শিশুদের ওপর ধীরগতিতে পরিচালিত গণহত্যার সাক্ষী হচ্ছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার আল শিফা ও কামাল আদওয়ান হাসপাতালে পানি শূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। আরো অনেক শিশুর অবস্থা গুরুতর।
‘বাঁচা-মরার প্রশ্ন’
গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে সহায়তা সংস্থাগুলো।
গাজার অবনতিশীল অবস্থার উল্লেখ করে মার্কিন সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির প্রধান সামান্থা পাওয়ার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘গাজায় জরুরি মানবিক সহায়তা ব্যাপকভাবে বাড়ানোর জন্য ইসরায়েলের আরো ক্রসিং খুলে দেওয়া দরকার। এটা বাঁচা-মরার প্রশ্ন।’