
নেত্রকোনায় চালের বাজারে মূল্য নিয়ন্ত্রণ রাখতে চালের মিল ও বাজারে মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। নিয়মের ভিতরে থেকে মজুদ, মূল্য নির্ধারণ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিশেষ জোর দিচ্ছে প্রশাসন।
আজ শুক্রবার সকালে জেলা সদরের মজুমদার অটো রাইস মিল সহ বিভিন্ন মিল পরিদর্শন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক নূর,অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ,জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মুয়েতাছুর রহমান,জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখী, সম্পাদক উজ্জ্বল সাহা প্রমূখ।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখী মিল পরিদর্শনকে স্বাগত জানিয়ে তিনি বলেন,শুধু চালের বাজার দেখলে হবে না,ধানের বাজার মনিটরিং করতে হবে। ধানের বাজার না কমলে চালের বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। মজুদ,মূল্য নির্ধারণ ও মান নিয়ন্ত্রণে মিল মালিকরা সতর্ক রয়েছে। অবৈধ মজুদারদের খোঁজে বের করার আহবান জানান তিনি।
পরিদর্শকালে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বাজার স্থিতিশীল রাখতে নিয়মের ভিতরে থেকে মজুদ, মূল্য নির্ধারণ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এবং এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
ভিন্নবার্তা/এমএসআই