
নেত্রকোনার দুর্গাপুর চৌকি আদালত চত্বর থেকে ‘দা’ সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে-উপজেলার নলজোড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রাজন মিয়া(৩২) ও একই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)। মঙ্গলবার দুপুরের জেলার দুর্গাপুর আদালত চত্বরে এই ঘটনা ঘটে।
দুর্গাপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র সহকারি জজ সোলায়মান কবীর সিসি ক্যামেরায় দুই যুবককে মোটরসাইকেলে করে এসে দেশীয় অস্ত্র হাতে আদালত চত্বরে ঘুরাফেরা করতে দেখেন। পরে তিনি দুর্গাপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের এক অভিযোগের শুনানি ও সাক্ষী চলাকালে আদালতের বিচারক সিনিয়র সহকারি জজ সোলায়মান কবীর সিসি ক্যামেরায় দুই যুবককে মোটরসাইকেল যোগে এসে দেশীয় অস্ত্র দা হাতে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখেন।
পরে তিনি বিষয়টি থানায় জানালে দুর্গাপুর থানার এসআই মো. খায়রুল ইসলাম ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে আটক করেন। এসময় তাদের তল্লাশী করে তিন ফুট চার ইঞ্চি লম্বা দা’সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে দুর্গাপুর থানার এসআই মো. খাইরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ (ক) ধারায় দুর্গাপুর থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার এসআই মো. খায়রুল ইসলাম জানান,আটককৃতরা নির্বাচন আচরণবিধি মামলায় উপস্থিত সাক্ষীদের ভয়ভীতি উদ্দেশ্যে ঘুরাফেরা করতে থাকেন। আদালত চত্বরে ওই দুই যুবকের সন্দেহজনক ঘুরা ফেরার সময় বিষয়টি আদালতের বিচারক সিসি ক্যামেরায় দেখতে পান। বিচারক বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে ওই দুই যুবককে আটক করে মামলা দিয়ে বুধবার শুনানী শেষে পাঁচদিনের রিমান্ড শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই