
সদ্যই মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’-এর ট্রেলার। আর ট্রেলারেই কাঁপিয়ে দিয়েছেন রণবীর কাপুর। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শক প্রত্যাশা অনেক বেশি। তবে ট্রেলার যতোই মাতিয়ে দিক, সিনেমার বাহ্যিক প্রচারণায় কোনো কমতি রাখছেন না অভিনেতা।
প্রতি মুহুর্তে ছুটে যাচ্ছেন বিভিন্ন শহরে, বিভিন্ন অনুষ্ঠানে, ইভেন্টে। সেই প্রচারণার অংশ হিসেবেই চলমান ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছেন রণবীর ও রাশ্মিকা মান্দানা।
তবে ইন্ডিয়ান আইডলের মঞ্চে রণবীরকে এমন কিছু করতে দেখা গেছে, যা আর কোনোদিন কোনো নায়ক করেছে কিনা সন্দেহ! এক প্রতিযোগীর গানে মুগ্ধ হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলেন এই অভিনেতা! এতবড় সুপারস্টারের এমন আচরণে রীতিমতো চমকে গেছে উপস্থিত সবাই। কেউই ভাবেননি রণবীর মেনুকার গানে এতোটা মুগ্ধ হয়ে যাবেন।
এমনকি প্রতিযোগীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যাবে অভিনেতাকে।
সনি চ্যানেলের পক্ষ থেকে সদ্যই ইন্ডিয়ান আইডলের আগামী পর্বের একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রণবীর এবং রাশ্মিকা এসেছেন এই শো’তে তাদের আগামী সিনেমা অ্যানিম্যালের প্রচার করতে। তাদের সামনে এবারের অন্যতম স্টার এবং বিশেষভাবে সক্ষম প্রতিযোগী মেনুকা পৌড়েল গান গাইবেন।
তাকে এদিন রণবীরের ‘তামাশা’ সিনেমা থেকে ‘তুম সাথ হো’ গাইতে শোনা যায়। সেই গান শুনে কেঁদেও ফেলেন বিচারক শ্রেয়া ঘোষাল। অন্যদিকে নিজের আসন ছেড়ে উঠে এসে মেনুকাকে প্রণাম করেন রণবীর। একেবারে পায়ে হাত দিয়ে অভিনেতাকে প্রণাম করতে দেখা যায়। এরপর রণবীর বলেন, ‘তুমি দ্বিতীয় শ্রেয়া ঘোষাল।
শ্রেয়াকে যদি গানের দেবী বলা হয় তাহলে তুমি দেবী নম্বর ২।’
মেনুকা এদিন রণবীরের কাছে জানতে চান তিনি তার কন্যা রাহাকে কোন গান শোনান। উত্তরে রণবীর বলেন, ‘মূলত দুটো গানই শোনাই। একটা খুব ইরিটেটিং গান, বেবি শার্ক। আরেকটি হল লাল্লা লাল্লা লোরি।’ এটা শুনে হেসে ফেলেন শ্রেয়া। বলেন, ‘দেবায়ন হোক বা রাহা, সব বাচ্চাগুলো যেন এক। ওদের জন্য আমাদের সব প্লেলিস্ট এদিক ওদিক হয়ে যায়। স্বপ্নেও এই গানগুলোই শুনি।’
পর্বটি এই সপ্তাহে প্রচারিত হবে। প্রোমোটি এরমধ্যেই তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে। ইন্ডিয়ান আইডল সনি চ্যানেলে প্রতি শনি এবং রবিবার রাত ৮টা থেকে সম্প্রচারিত হয়। এ সিজনে বিচারক হিসেবে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি।