
পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় সুমি আক্তার (২২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী রুপন আহাম্মেদ পলাতক রয়েছেন।
রোববার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর মিয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সুমি আক্তার ওই গ্রামের ফজলুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, সুমি দুই বছর ধরে প্রবাসে চাকরি করে আসছেন। দেড় মাস আগে ছুটিতে বাড়িতে আসলে তার স্বামী রুপনের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। শনিবার রাতে কোনো একসময় ঝগড়ার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ খাটে রেখে পালিয়ে যান স্বামী। পরে সকালে পরিবারের লোকজন সুমির কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে খাটের নিচে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুপন আহাম্মেদ পলাতক রয়েছেন। তাকে আটকে পুলিশি অভিযান চলছে।
ভিন্নবার্তা/এমএসআই