
সিসিটিভিতে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, একটি প্রাইভেট কার রাস্তার মোড় ঘুরেই একটি রিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। গাড়ির গতি এত বেশি ছিল যে রিকশাটিকে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায়। এতে রিকশাচালক ও যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে।
জানা গেছে, গত রবিবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে ঘটনাটি ঘটেছে। এতে রিকশাচালক হাবিবুর রহমান (৪৫), যাত্রী আফরোজা আহমেদ (৩৪) এবং তাঁর স্বামী ইমরান রেজা (৩৮) গুরুতর আহত হন। আফরোজা ও ইমরানের তিন বছর বয়সী মেয়ে এনায়া রেজাও (৩) আহত হয়। আফরোজা আহমেদের মেরুদণ্ডের হাড়, বাঁ গোড়ালির হাড় ভেঙেছে এবং কপাল ফেটে গেছে।
রিকশাচালক হাবিবুর রহমানের মাথা ফেটেছে। ডান হাতসহ শরীরের কয়েকটি জায়গার হাড় ভেঙেছে। তিনি এখন পঙ্গু হাসপাতাল ভর্তি। রিকশার যাত্রী ইমরান ও আফরোজা পৃথক দুটি হাসপাতালে ভর্তি।
আফরোজার বোন আফসানা আহমেদ জানান, আফরোজা একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তাঁর স্বামী ইমরান পেশায় প্রকৌশলী। তাঁদের সাত বছর ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
স্বজনরা জানায়, ইমরান ও আফরোজা ঢাকার মোহাম্মদপুরে থাকেন। ঘটনার দিন তাঁরা চিকিৎসক দেখিয়ে রাতে রিকশায় করে বাসায় ফিরছিলেন।
এদিকে মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয় জনতা এক কিশোর (১৫) এবং সালমান হায়দার (২৪) নামের এক তরুণকে আটক করে।
পরে তাদের পুলিশের কাছে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে, গাড়িটি চালাচ্ছিল ওই কিশোর। সালমান হায়দার তাকে গাড়ি চালাতে দিয়েছিলেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন আহত ইমরানের বাবা।