
সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনা দেখে ফেরার পথে মৎস্য প্রজেক্টে সাঁতার কাটতে ঝাঁপ দিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট সহস্রধারা ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটক সোহানুর রহমান (২৬) নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের মুন্সী আবুল হাসেমের পুত্র। খবর পেয়ে বিকাল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকার লবণাক্ষ পাহাড়ে অবস্থিত সহস্রধারা ঝরনা ও প্রাকৃতিক মৎস্য প্রজেক্ট দেখতে সোমবার একটি পর্যটক দল সকালে নৌকাযোগে মৎস্য প্রজেক্টের মধ্য দিয়ে সহস্রধারা ঝরনা দেখতে যায়। বিকাল ৩টার দিকে একটি নৌকায় ১০ জন পর্যটক ঝরনা দেখে ফেরার সময় সোহানুর রহমান (২৬) নামের একজন জানান, তিনি বাকি পথটুকু সাঁতার কেটে কূলে ফিরবেন। এ কথা বলেই তিনি ঝাঁপ দেন। তাকে ঝাঁপ দিতে দেখে অপর এক বন্ধু রিয়াদও ঝাঁপ দেন। তাদের মধ্যে রিয়াদ সাঁতরে ফিরে এলেও সোহানুর আর ফিরতে পারেননি। তিনি পানির নিচে তলিয়ে যান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সোহানুরের বন্ধু রিয়াদ জানান, তারা ঢাকার নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত জেনেক্স নামক একটি প্রতিষ্ঠানের তিন চাকরিজীবী বন্ধু সোমবার সকালে সীতাকুণ্ড ভ্রমণে আসেন।
তিনি জানান, সকালে তারা তিনজন ছোট দারোগারহাটে প্রাকৃতিক মৎস্য প্রজেক্ট পেরিয়ে সহস্রধারা ঝরনা দেখতে যান। বিকাল ৩টার দিকে সেখান থেকে ফেরার সময় বন্ধু সোহানুর সাঁতার কেটে আসবেন জানিয়ে প্রজেক্টের মাঝামাঝি এলাকায় নৌকা থেকে পানিতে ঝাঁপ দেন। তাকে দেখে রিয়াদ নিজেও ঝাঁপ দেন; কিন্তু শেষপর্যন্ত রিয়াদ কূলে আসতে সক্ষম হলেও সোহানুর তলিয়ে যান।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে আমরা ওই পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ছোট নৌকায় ওই ঝরনায় যাতায়াত এমনিতেও ঝুঁকিপূর্ণ। আমি বারবার সেখানকার কর্তৃপক্ষকে এভাবে পর্যটক না নিতে অনুরোধ করেছিলাম। আজ আবার একটি দুর্ঘটনা ঘটল। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের হাতে তুলে দেব।
ভিন্নবার্তা/এমএসআই