
দুর্দান্ত খেলেও বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেনি বাংলাদেশ। শনিবার অতিরিক্ত সময়ের খেলায় গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় হ্যাভিয়ের কাবরেরার দল। ব্যাঙ্গালুরুতে প্রথম সেমিফাইনালে জামাল ভূঁইয়ারা ১-০ গোলে হেরে গেছে কুয়েতের কাছে।
কুয়েতের বিপক্ষে হারের পর ভারতীয় রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাংলাদেশ
ম্যাচের দুই মিনিটে প্রায় নিশ্চিত গোল মিস করেছেন মোরছালিন। পরে রাকিবের একটি শট কুয়েতের ক্রসবারে লেগে ফিরে এসেছে। সাফ ফুটবল থেকে বিদায় নেওয়ার পর কেউ কেউ দুর্ভাগ্যকেও দোষারোপ করেছেন। একই সঙ্গে ম্যাচের ভারতীয় রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাংলাদেশ।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পুরোটা সময় কুয়েদের চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। তবে ১০৬ মিনিটে ভেঙে যায় কাবরেরার শিষ্যদের প্রতিরোধ। কুয়েত ডিফেন্ডার আব্দুল্লাহর গোলটিই গড়ে দিয়েছে সেমিফাইনালের ভাগ্য। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রেফারি জন ক্রিস্টালকে। তার দাবি ম্যাচের অনেক সিদ্ধান্তই বাংলাদেশের বিপক্ষে গেছে। সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছি ১২০ মিনিট রেফারি আমাদের বিপক্ষে ছিল। এ কারণে আমরা একটু রাগ করেছিলাম।’
জামাল যোগ করেন, ‘কুয়েতের খেলোয়াড়রা অনেক ভুল করেছেন। কিন্তু রেফারি ফাউল দেননি কোনো। এ কারণে মনে হয়েছে রেফারি আমাদের বিপক্ষে ছিলেন।’ অধিনায়কের সুর ধরে কথা বলেছেন ডিফেন্ডার তপু বর্মনও। তার ভাষায়, ‘কিছু বলার নেই। রেফারি আমাদের শেষ করে দিয়েছেন।’
একই অভিযোগ বাংলাদেশ ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের কণ্ঠেও। তিনি বলেছেন, ‘সত্যি বলতে খুব খারাপ লাগছে। আমরা জয়ের জন্য মাঠে নেমেছিলাম। প্রাণপণ লড়াই করেছি। আমাদের দুর্ভাগ্য ছিল। রেফারিও অনেক ভুল করেছেন। ওরা (কুয়েত) অনেক ফাউল করেছে। কিন্তু রেফারি ব্যবস্থা নেননি।’
অবশ্য রেফারির বিরুদ্ধে অভিযোগ তুললেও ভারতীয় দর্শকদের সমর্থন পাওয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল। স্বাগতিক দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘ভারতীয় সমর্থকরা আমাদের সমর্থন দিয়েছেন; অভিনন্দন জানিয়েছেন। এটা দারুণ একটা ব্যাপার। আমরা ভালো খেলেছি। কিন্তু গোল পাইনি। এ কারণে আমরা হতাশ।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ