
নীলফামারীর ডোমার সোনারায় উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী,আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০জুন (শুক্রবার) বিকাল ৩টায় সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা ও পায়রা উড়িয়ে উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রধান উপদেষ্টা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক রমনীকান্ত রায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে বিদ্যালয়টির প্রাক্তন ও প্রথম প্রধান শিক্ষক মুরাদ আলী,প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল ইসলাম,প্রাক্তন শিক্ষক সুবাস চন্দ্র রায়,জনাব আলী, সোনারায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ওয়ালিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী,সোনারায় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ফিরোজ চৌধুরী,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তৈয়বর রহমান ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বহুদিন পর সোনারায় উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় এসে প্রাক্তন শিক্ষার্থীরা যেন ফিরে গিয়েছিলেন সেই সোনালী দিনগুলোতে। স্কুলজীবনের হারিয়ে যাওয়া পথগুলো ফের যেন পুরোনো মোহনায় ফিরেছিল। উপলক্ষ একটাই-বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী।
ভবিষ্যতের টানে পৃথক হয়ে গিয়েছিল তাদের গন্তব্য। বন্ধুর সঙ্গে ‘দেখা-দেখি’টা কারও কারও জীবনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের পর্দাতেই। কারও তো আবার-স্কুল জীবনের শেষ দিনে পথটা যে ভাগ হয়ে গিয়েছিল তারপর আর মুখ দেখাদেখিই হয়নি। সেই সমস্ত হারিয়ে যাওয়া পথগুলো ফের পুরোনো মোহনায় ফিরেছিল ঈদ পূর্নমিলনীতে।
অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের ১৯৯৮ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন,সোনারায় হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও উক্ত সংগঠন কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠান নিশ্চয়ই একটি অভূতপূর্ব আয়োজন। এই আয়োজনে উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে। মনে হচ্ছিলো ফিরে গিয়েছি সেই সোনালী কৈশোরে। যে কৈশোর অতিবাহিত করেছি এই প্রাণের বিদ্যাপিঠে। মনে পড়ে যায় হাজারো স্মৃতি আর আবেগঘন মূহুর্তগুলো।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। তবে ১৯৭৫ সাল থেকেই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হলো পুনর্মিলনী। আলোচনা সভা শেষে সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক।
ভিন্নবার্তা/এমএসআই