
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মুসলিম হলের পরিত্যক্ত একটি কক্ষ থেকে কলেজছাত্র মাইনুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে কলেজের ভেতরে ওই হল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায়।
মাইনুল ওই হলে থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষে পড়াশুনা করতেন। তিনি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে।
পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন, টিনশেডের মুসলিম হোস্টেলের ওপরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার লাশ পেয়েছি। প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। আমরা লাশের সুরতহাল রিপোর্ট করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারব। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ পাওয়া গেছে। পুলিশ এ বিষয়টি দেখছে।
ভিন্নবার্তা/এমএসআই