
বগুড়ায় বাড়ির জমির মালিকানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে বগুড়া শহরের ফুলবাড়ি মৃধাপাড়ায় ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার ইদ্রিস আলী মৃধা, তার বড় ছেলে পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, মেঝো ছেলে একই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওসার, ছোট ছেলে মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা।
আহতদের মধ্যে ইদ্রিস আলী মৃধা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য চারজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কাওসারের অবস্থা আশংকাজনক।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বগুড়া শহরের ফুলবাড়ি মৃধাপাড়ায় বাড়ির জমির মালিকানা নিয়ে রফিকুল ইসলাম শাহীন মৃধা গ্রুপ ও চাচাতো ভাতিজা রাজ মাহমুদ কাওসার মৃধা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির জন্য ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকার এর আগে দু’বার দু’পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।
শনিবার সকালে চূড়ান্ত বৈঠকের জন্য উভয়পক্ষকে ওয়ার্ড কাউন্সিলর অফিসে ডাকা হয়। দু’পক্ষ ওয়ার্ড অফিসে এসে বৈঠক শুরুর আগেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি খারাপ দেখে কাউন্সিলর দু’পক্ষকে অফিস থেকে বের করে দেন ও পরবর্তীতে তারিখ ধার্য করার কথা বলেন।
অফিস থেকে বাইরে বের হওয়ার পর বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত শাহীন গ্রুপ প্রতিপক্ষ কাওসার গ্রুপের ওপর হামলা চালায়। হকিস্টিক ও ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস আলী মৃধা, তার তিন ছেলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম অরুণ, মেঝো ছেলে যুবলীগ নেতা রাজ মাহমুদ কাওসার, ছোট ছেলে মোহাম্মদ আলী ও অরুনের ছেলে শাওন মৃধা আহত হন।
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পাইকার জানান, বাড়ির জমির মালিকানা নিয়ে নিকটাত্মীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে তার কার্যালয়ের বাইরে এক পক্ষের হামলায় অপরপক্ষের একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রামদা ও হকিস্টিক দিয়ে হামলা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারী পক্ষ আত্মগোপন করেছে।
ভিন্নবার্তা/এমএসআই