
নবাবগঞ্জের আগলা পোস্টঅফিস সংলগ্ন এলাকায় ‘দিয়া জুয়েলার্সের’ মালিক কৃষ্ণ সাহাকে ডাকাত চক্র পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। পরে ডাকাত দল স্বর্ণ, রুপা ও টাকা লুট করে কৃষ্ণ সাহাকে রাস্তায় ফেলে চলে যায়। চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশ গত সাত দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল সকালে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার অন্যতম আসামি আগলা এলাকার মৃত মঙ্গল সরকারের ছেলে শ্যামল সরকারকে গ্রেফতারের পরই ঘটনার সঙ্গে জড়িতের বিষয়ে সব তথ্য পুলিশের হাতে চলে আসে।
সংবাদ সম্মেলনে বলা হয়- ডাকাত চক্রকে আটক করতে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপ্স ও ট্রাফিক মো. আমীনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুউদ্দিন, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশফাক রাজীব হাসান ও নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নুরুজ্জামান (মুক্তার), সালেহ আহমেদ সাইফুল, হুমায়ন কবির, মো. শাহাদাত, নজির হোসেন, মো. মান্নান মিয়া, মো. হুময়ান মিয়া, মো. শাকিল খান, জাহাঙ্গীর মল্লিক, আব্দুস সামাদ শিকদার, শ্যামল সরকার ও রিপন মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই