
জেলা শহরের শান্তিনগর (কানছিরার) এলাকা থেকে মিলন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ৩টায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম।
এলাকাবাসী জানায়, নিজ ঘরে মিলনের ফাঁস লাগানো মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলনের বাবা মোমিন ও সৎ মা লিজাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মমিন পেশায় একজন মিস্ত্রি ও লিজা অন্যের বাসায় কাজ করেন।
এ বিষয়ে ওসি মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা প্রতিবেদন আসলে বলা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই