
নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সন্দিপন ঘোষ তমাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার(২৪এপ্রিল) বিকেলে ডোমার-জলঢাকা সড়কের সলেমানের চৌপতি নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
তমাল ঘোষ ডোমার পৌরসভার ছোট রাউতা(সাহাপাড়া) এলাকার ব্যাংক কর্মকর্তা তাপস কুমার ঘোষ ও শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুস্মিতা ঘোষের ছেলে। নিহত তমাল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গোমনাতী শাখার হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বিকেলে ডোমার থেকে একটি মাইক্রোবাস জলঢাকা দিকে যাচ্ছিল। একই সময় দ্রুতগতিতে ডোমার থেকে মোটরসাইকেল যোগে জলঢাকার দিকে যাচ্ছিল তমাল। জলঢাকা উপজেলার সলেমানের চৌপতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেই মাইক্রোবাসের পিছনে দ্রুত বেগে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি দোকানে ভিতরে ঢুকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পায় তমাল। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর বলেন, মোটরসাইকেলটি দ্রুত বেগে চলছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে। রংপুরের কোতয়ালী থানায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই