
দেশের গণমাধ্যমও ফ্যাসিবাদের ভয়াল গ্রাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে ফ্যাসিবাদ সাকসেস যখনই হয় যখন সমগ্র সমাজের মধ্যে একটা ভীতি, সন্ত্রাসের রাজ্য তৈরি করতে পারে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি-জামায়াত সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়।
বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী বক্তব্য রাখেন। পরে বিএনপি মহাসচিব সাংবাদিক রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, ইলিয়াস খান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ সাংবাদিক নেতাদের নিয়ে ইফতার করেন।
বিএনপির মহাসচিব বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একে একে সবগুলোকে বন্ধ করে ফেলা হয়েছে। যখন আপনারা কথা বলেন তখন বোধহয় কিছু অবশিষ্ট আছে। যখন আবার পত্র-পত্রিকার দিকে তাকাই, চ্যানেলগুলোর কথা শুনি তখন মনে হয় এখানেও সেই ভয়াল গ্রাস ফ্যাসিবাদের আক্রান্ত করেছে। তিনি বলেন, আজ গণমাধ্যমের স্বাধীনতা প্রেস ফ্রিডমটা নেই। তার যে অবস্থা এই গণবিচ্ছিন্ন সরকার তৈরি করেছে ইতিপূর্বে আর কখনো আমরা লক্ষ্য করিনি। এখন এক সেন্সর নিতে হয় আপনাদেরকে সেলফ সেন্সরশীপ করে দেয়।
এখন সাংবাদিকরা আতঙ্কে থাকেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সবাই ভাবেন যে, এটা লেখা যাবে কি যাবে না, আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেতে হবে কিনা। অনেক সাংবাদিক আছেন যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এখন পর্যন্ত সেই মামলা ঝুলছেন। তিনি বলেন, আজকে এক হয়ে লড়াই করার সুযোগ রাখা হচ্ছে না। সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে মৌলিক যে বিষয়টা একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা মুক্ত গণমাধ্যম দরকার সেই বিষয়টাকে এরা বেমালুম চেপে দিয়েছে। দেশের অবস্থা ভয়াবহ অভিহিত করে এর বিরুদ্ধে সাংবাদিক সমাজসহ পেশাজীবীদের স্বোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ভিন্নবার্তা/এমএসআই