
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জুতা পায়ে ফুল দিয়েছেন- এ অভিযোগ এনে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন করেছেন একজন আইনজীবী।
সোমবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন এ আবেদন করেন।
আদালত মামলার অভিযোগ শুনে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। তবে মামলায় যাকে বিবাদী করা হয়েছে তিনি সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান হলেও মামলার এজাহারে তাকে কেবল ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে এমএ মোতালেব বলেন, অস্থায়ীভাবে টানানো বঙ্গবন্ধুর প্রতিকৃতি বা ছবিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এটা কোনো শহিদ বেদি কিংবা বঙ্গবন্ধুর ম্যুরাল নয়। প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন তিনিও তার ব্যতিক্রম কিছু করেননি। মূলত বিরোধী পক্ষ রাজনীতি করার জন্যই ভিত্তিহীন অভিযোগ এনে মামলা করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, এমএ মোতালেব গত ৭ মার্চ সকাল ৯টায় সাতকানিয়া উপজেলা কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (ছবি) ফুল দেন। এ সময় তিনি ছিলেন জুতা পায়ে। ইচ্ছাকৃতভাবে তিনি এ অপরাধ করেছেন। বিবাদীকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর ঘোরবিদ্বেষী, বিরোধী ও অহেতুক সমালোচক বলে দাবি করেন।
ভিন্নবার্তা/এমএসআই