
পুরান ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন পুলিশ সদস্য। মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর কোতোয়ালি থানার বাবু বাজার সেতুর ওপর এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় তাকে কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে।
ওই পুলিশ সদস্যদের নাম মো. মশিউর রহমান। তিনি ডিএমপির যাত্রাবাড়ী থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত। ওই পুলিশ সদস্যের মেয়ে মোহতারিমা আরিফিন লোপা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার ভোরে ওই পুলিশ সদস্য কেরানীগঞ্জের বাসা থেকে স্ত্রী সন্তানকে গাবতলীতে রংপুরের বাসে উঠিয়ে দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ওই সময় তাকে অজ্ঞান পার্টি নাকে রুমাল চেপে ধরে কাছে থাকা নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়।
বাবু বাজার পুলিশ ফাঁড়ির আইসি ফাহেয়াত উদ্দিন রক্তিম যুগান্তরকে জানান, মশিউর রহমান যাত্রাবাড়ী থানায় কর্মরত। তিনি বর্তমানে মিডফোর্ট হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই