
নেত্রকোনার মোহনগঞ্জে সরস্বতী পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামের বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পূজার আরতি চলাকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার মোহনগঞ্জ ইউএনও ছাব্বির আহমেদ আকঞ্জি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটক কিশোররা হচ্ছে- অনন মিয়া, নিশাদ, ফারুক মিয়া, সাবিকুল মিয়া, এস এম মুন্না খান ও অপু মিয়া। তাদের প্রত্যেকের বাড়ি ওই উপজেলার সোয়াইর ইউনিয়নের হাটনাইয়া গ্রামে।
উপজেলার নারাইচ গ্রামের যুব সংঘের কোষাধ্যক্ষ অন্তর সরকার জানান,তাদের সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নারাইচ গ্রামে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর আয়োজন করা হয় আরতি প্রতিযোগিতার। এতে নারাইচ গ্রামের বেশকিছু তরুণ-তরুণী অংশ নেয়। রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী হাটনাইয়া গ্রামের ৯-১০ জন কিশোর সেখানে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করে। আয়োজকরা এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই কিশোররা পূজামণ্ডপে এবং উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা সরস্বতী প্রতিমাও ভাঙচুর করে। তাদের হামলায় হৃদয় বিশ্বাস ও শাওন সরকার নামে নারাইচ গ্রামের দুই কিশোর আহত হয়। তাদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,রাতেই আদর্শনগর ফাঁড়ি পুলিশ ও মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হাটনাইয়া গ্রামের ছয় কিশোরকে আটক করে। এঘটনায় রুবেল সরকার নামের একজন থানায় লিখিত অভিযোগ করেছেন। বাকি হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাব্বির আহমেদ আকঞ্জি বলেন,পূজা চলাকালীন সময়ে কয়েক যুবকের সাথে পূজারীদের হাতাহাতির ঘটনা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই