
বাংলাদেশ ফলো-অনের জন্য দেওয়া রান ছাড়ানোর আগেই হয়েছে অলআউট। ভারত অবশ্য ব্যাটিংয়ে নেমে গেছে আবারও।
স্বাগতিকদের সামনে চতুর্থ ইনিংসে বড় লক্ষ্য দেওয়াই লক্ষ্য। কিন্তু প্রথম সেশনের শেষ অবধি তাদের ব্যাটে নেই কোনো তাড়াহুড়ো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয় ভারত। জবাবে বাংলাদেশ সব উইকেট হারায় ১৫০ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারা তৃতীয় দিনের লাঞ্চ বিরতি অবধি কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান করেছে। ৪৩ বলে ২০ রান করে রাহুল ও শুভমন গিল অপরাজিত আছেন ৪৭ বলে ১৫ রান করে।
এর আগে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ ১৬ ও এবাদত হোসেন ১৩ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন।
সকালে মিনিট বিশেক কাটিয়ে দেন এই দুই ব্যাটার। ২ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ১৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে আউট হয়ে গেছেন এবাদত হোসেন। টার্ন করা বলে ফ্লিক করতে গিয়ে আউট হন এই ব্যাটার। ফাইফার পূর্ণ হয় যাদবের।
এরপর খালেদ লড়ছিলেন ভালোই। তিনি টিকে ছিলেন ১৪ বল, যদিও কোনো রান করতে পারেননি। কিন্তু অন্যদিকে আউট হয়ে যান মিরাজই। ২ চার ও ১ ছক্কায় ৮২ বলে ২৫ রান করার পর অক্ষর প্যাটেলের বলে স্টাম্পিং হন তিনি।
ভারতের পক্ষে ১৩ ওভারে ২ মেডেনসহ ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট পান কুলদ্বীপ যাদব। অক্ষর প্যাটেল ও উমেশ যাদব পান এক উইকেট করে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ