
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রড তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম-এর কারখানার স্ক্র্যাপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোকেল আহাম্মদ (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মহেশপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে।
শ্রমিকরা জানান, কারখানায় কাজ করার একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সোকেল গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মীরসরাই জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের লাশ চট্টগ্রাম মেডিক্যালে রয়েছে। সেখান থেকে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানতে চাইলে বিএসআরএম মীরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, সোকেল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে তিনি আমাদের কোম্পানির শ্রমিক নয়। তিনি কোম্পানিতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হাজেরা এন্ট্রারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন। আমি ওই প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগ করেছি। আলোচনা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে।