
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকালে তারা আন্দোলন শুরু করলেও দাবি পূরণের আশ্বাসে তা স্থগিত করেছে। দাবি না মানলে বিভাগের কার্যক্রম বন্ধ করাসহ নানা কর্মসূচি ঘোষণাও দিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বিভাগের সভাপতির উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনা শেষে ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিসমূহ লিখিতভাবে গ্রহণ করেন এবং রোববার আবার আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। তবে সমস্যা দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীরা আবার আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে তাদের ফল বিপর্যয় করা হয়েছে বলে অভিযোগ করে। ফল বিপর্যয়ের পেছনে শিক্ষকদের অন্তঃকোন্দল, পরীক্ষা কমিটির চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, পক্ষপাতিত্ব এবং বিভাগের সভাপতির দায়িত্বে অবহেলার অভিযোগ করেন।
বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩৫ জন নিয়মিত ও তিনজন অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন। তারা প্রত্যেকেই প্রথম সেমিস্টারে পরীক্ষায় উত্তীর্ণ হয়। গত ২২ এপ্রিল তাদের প্রথমবর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ওই মাসেই শেষ হয়।
বৃহস্পতিবার দুপুরে তাদের ফল প্রকাশ হয়। তবে দ্বিতীয় সেমিস্টারে ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৩০ জনের ফল প্রকাশিত হয়। ৬ জন নিয়মিত ও দুজন অনিয়মিত শিক্ষার্থীর ফল প্রকাশিত হয়নি এবং ছয়জন শিক্ষার্থী একটি করে কোর্সে ফেল করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, রেজাল্ট দেখে আমার মনে হয়েছে- সত্যিই ফল বিপর্যয় হয়েছে। কিন্তু কেন এমনটা হয়েছে সেটি স্পষ্ট নয়। শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের দাবি আমি পরীক্ষা নিয়ন্ত্রককে জানাব।
এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, শিক্ষার্থীদের দাবি ন্যায্য। এখানে আসলেই ফল বিপর্যয় হয়েছে। রেজাল্ট শিট দেখে বিষয়টি আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের অভিযোগ ও দাবিসমূহ আমাকে দিয়েছে। আমি রোববার তাদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
ভিন্নবার্তা ডটকম/আর