
হরিজনরা খুব একটা লেখাপড়া করে না। সমাজে হরিজন সম্প্রদায়ের লোকজন সবসময় অবহেলিত থাকে; কিন্তু জনিলাল ছেলেকে লেখাপড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে মারা গেল তাদের স্বপ্নগুলো।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লিতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
নিহতদের মধ্যে রয়েছেন জনিলাল হরিজনের ছেলে সুদর্শন কুমার দেব দেবু (১৬)। অন্য ২ জন হলেন- কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।
দেবুর বাবা জনিলাল বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন। সমাজে হরিজন সম্প্রদায়ের লোকজন সবসময় অবহেলিত থাকে। তাই তার বাবা ও মায়ের ইচ্ছা ছিল ছেলেকে ভালোভাবে লেখাপড়া করিয়ে শিক্ষিত করবেন।
দেবু স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত। অনেক কষ্ট হলেও ছেলেকে তারা পড়াত। মা-বাবার প্রত্যাশা ছিল ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে রেলওয়েতে একটি চাকরির ব্যবস্থা করবেন। ছেলের জীবন উন্নতভাবে গড়ে উঠলে তারা সুখে থাকবেন।
কিন্তু সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেছে। শুক্রবার দুপুরে ভৈরব শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে লেগে দেবুর প্রাণ গেছে। তার মৃত্যুর পর মা-বাবার আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তার মা রিতা রানী হরিজন।
কেঁদে কেঁদে বলছিল- আমার ছেলের লেখাপড়া আর হলো না, আমার স্বপ্ন পূরণ হলো না। অনেক আশা নিয়ে ছেলেকে কষ্ট করে স্কুলে পড়াতাম। ভাবছিলাম ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব কিন্তু আমাদের আশা বিদ্যুৎ কেড়ে নিল।
তার বাবা জনিলাল জানান, আমার ছেলে স্কুলছাত্র। গরুর খামার মালিক আবদুল্লাহ পথ থেকে ডেকে নিয়ে তাকে বিদ্যুতের খুঁটি সরাতে সহযোগিতার কথা বলল। সহজ-সরল আমার ছেলে খুঁটিতে ধরার পর বিদ্যুতায়িত হয়ে মারা গেল। এ বিচার আমি কার কাছে চাইব।
তিনি বলেন, আমার ছেলের এভাবে করুন মৃত্যু হবে কখনো ভাবেনি। আমার সব আশা, সব স্বপ্ন শেষ হয়ে গেল।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া এ ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/আর