
গাজীপুরের কাপাসিয়ায় অনুমোদনহীন রং তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার রাওনাইট বাজারে রংধনু নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় পরিবেশের ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক মিশিয়ে রং বানানো ও কারখানার বৈধ কোনো কাগজ না থাকার প্রমাণ পান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইন।
তিনি জানান, কারখানাটির বৈধ কোনো কাগজ না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গোলাম হোসেনের ছেলে মোস্তফা কামালের মালিকানাধীন রংধনু কেমিক্যাল কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাগজ ঠিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন কাপাসিয়া থানা পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/আর