
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরও সাতজনকে মামলায় আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বাদী হয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি জানান, আইনজীবীর মাধ্যমে তিনি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম আসামিদের আগামি ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে- গত ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর বাঘা উপজেলার বারশতদিয়াড় হাবিবুরের মোড়ে এক জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার ওই বক্তব্য প্রচারের পর থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ-সমাবেশ চলছে।
মামলার বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ দাবি করেন- তিনি কোনো অশালীন বক্তব্য দেননি। এটি প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা। রাজনীতির কারণেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে মামলার বাদী বলেছেন, আবু সাঈদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা পেনড্রাইভ ও সিডিতে আদালতে দাখিল করা হয়েছে। তিনি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/আর