
শিশুদের জীবনমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত মিস ইউনিভার্স-২০১৬ ইরিশ মিতেনার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমন্ত্রণে মিস ইউনিভার্স ইরিশ মিতেনার ওয়ার্ল্ড ভিশন ফ্রান্সের শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফর করছেন।
শুক্রবার বিকালে তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা উচ্চ বিদ্যালয়ে মাঠে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। পরে কিছুক্ষণ তিনি শিশুদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন। এর আগে তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের প্রথম দিন ৭ জুলাই নলছাপড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত ও অ্যাসেম্বলি, ছাত্র-ছাত্রীদের সঙ্গে আড্ডা ও নাচ-গানের একটি ক্লাস উপভোগ করেন। এরপর তিনি ‘আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচিতে অংশ নিয়ে চরম দরিদ্র থেকে উন্নীত একদল নারীর কাছে তাদের অভিজ্ঞতা শোনেন। পরে তিনি একটি মেয়ে শিশু ও তার পরিবারের বাড়ি পরিদর্শন করে সেই শিশুর স্পন্সর হিসেব দায়িত্ব নেন।
প্রকল্প পরিদর্শনের দ্বিতীয় দিন ৮ জুলাই সকালে একটি গ্রাম উন্নয়ন দলের সঙ্গে সভা ও নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করেন মিস ইউনিভার্স ইরিশ মিতেনা। এরপর গ্রামের কমিউনিটি কিচেন বা কমিউনিটি ভিত্তিক রান্না ঘরে শিশুর জন্য পুষ্টিকর খাবার রান্নার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
শুক্রবার বিকালে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে মেয়ে শিশুদের দুইটি দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। ইরিশ মিতেনা তার স্পন্সরকরা শিশুটিসহ ফুটবল খেলায় অংশ নেন।
সন্ধ্যায় বিরিশির কালচারাল একাডেমির শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে উপভোগ করেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ফ্রান্সসহ সারা বিশ্বের মানুষের কাছে আবেদনের জন্যই তার এই সফর। ২০১৬ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৬ জন অংশগ্রহণকারীকে পিছনে ফেলে নারীদের অন্যতম মর্যাদাপুর্ণ সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয় করেন ফ্রান্সের ইরিশ মিতেনার। এরপর থেকে মডেল, টেলিভিশন উপস্থাপক এবং বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করা ২৯ বছর বয়সী ইরিশ মিতেনার পড়াশোনা করছেন দন্ত চিকিৎসা বিষয়ে। শিশুদের কল্যাণে কাজ করতে দু’বছর ধরে তিনি যুক্ত আছেন ওয়ার্ল্ড ভিশন ফ্রান্সের শুভেচ্ছা দুত হিসেবে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন পিছিয়ে পড়া শিশুদের অধিকার ও সার্বিক উন্নয়নে সারা বিশ্বে শতাধিক দেশে কাজ করে চলেছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই শিশু সুরক্ষা, শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য, জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জেন্ডার বৈষম্যসহ সকল প্রকার বৈষম্য নিরসনে সরকারের সহযোগী বাংলাদেশে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সেই কার্যক্রমের অংশ হিসেবে ২০০৪ সালে নেত্রকোনা উপজেলার নাজিরপুরের মানুষের জীবনমানের উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন ফ্রান্সের অর্থায়নে দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের কমিউনিকেশনস ম্যানেজার দেবাশীষ রঞ্জন সরকারসহ প্রতিষ্ঠানটির দেশি-বিদেশি কর্মকর্তারা।
ভিন্নবার্তা ডটকম/আর