
আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের পর থেকে একের পর এক সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি করেছিলেন বিরাট কোহলি।
কিন্তু সাম্প্রতিক সময়ে সেঞ্চুরি খরায় ভুগছেন ভারতের সাবেক এই অধিনায়ক। জাতীয় দল এবং আইপিএল মিলে শতাধিক ম্যাচ খেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি কোহলি।
তার সেঞ্চুরি খরা নিয়ে ঘরে-বাইরে অনেক সমালোচনা হচ্ছে। আর সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, কোহলি নিজের মান এমন জায়গায় নিয়ে গেছে, সবাই ওর কাছে সেঞ্চুরি আশা করে। সেটাই ওর সাফল্যের মাপকাঠি হয়ে গেছে। কোচ হিসেবে বলব, আমি চাই ও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখুক। সেটা ৫০ বা ৬০ রানের ইনিংসও হতে পারে।
ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার আরও বলেন, একজন খেলোয়াড়ের খারাপ সময় আসতেই পারে। কোহলির ভালো খেলার ইচ্ছে বা উৎসাহের একটুও ঘাটতি নেই। সব সময় সেঞ্চুরি করতে হবে তার কোনো মানে নেই। কঠিন উইকেটে ৭০ রানের ইনিংসও অত্যন্ত মূল্যবান। কেপটাউন টেস্টের কথাই ধরা যাক। ওখানে শতরান না পেলেও দুরন্ত ব্যাট করেছিল।
দ্রাবিড় আরও বলেন, কোহলি অসম্ভব ফিট ক্রিকেটার। মানসিকতাও দুর্দান্ত। ওর মতো পরিশ্রম করতে কাউকে দেখিনি আমি। সব সময় নিজের খেলা নিয়ে ভাবে। লেস্টারশায়ারের বিপক্ষে ওই পরিবেশে নিখুঁত ইনিংস খেলল। প্রতিটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলেছে।
ভিন্নবার্তা ডটকম/আর