
বলিউডের ‘প্রেমিক পুরুষ’ হিসেবে খ্যাত সালমান খান। একের পর এক প্রেম করেছেন। বিচ্ছেদ হতে না হতেই খুঁজে পেয়েছেন নতুন প্রেমিকা। তালিকা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পর্দায় কী এমন প্রেমিকের এক নায়িকায় চলে? তাই এবার, একজন, দুজনও নয় তার ছবিতে থাকছে ১০ জন নায়িকা!
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বেশ কিছু দিন ধরেই বলিউডে ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়েলের খবর নিয়ে চলছে আলোচনা। ‘নো এন্ট্রি মেঁ এন্ট্রি’ নামে হবে ছবির সিক্যুয়েল। শোনা যাচ্ছে, এ এই নতুন ছবিতে থাকবেন ১০ জন নায়িকা!
২০০৫ সালে মুক্তি পায় ‘নো এন্ট্রি’। এ ছবিতে সালমান খান ছাড়াও অনিল কাপুর ও ফারদিন খান। ছবিটিতে নায়িকা হিসেবে ছিলেন বিপাশা বসু, লারা দত্ত এবং সেলিনা জেটলি। তবে সিক্যুয়েলে এ নায়িকাদের কেউ না-ও থাকতে পারেন।
এক গল্পে ১০ নায়িকার নায়ক হচ্ছেন কারা? ‘নো এন্ট্রি’র তিন নায়ক সালমান, অনিল কাপুর ও ফারদিন খান থাকছেন সিক্যুয়েলেও। প্রত্যেকেই ট্রিপল রোলে অভিনয় করবেন! অর্থাৎ এক নায়কের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। তা হলে দশ নম্বর নায়িকা যাবেন কোথায়? তবে কি চমক হিসেবে হাজির হবেন কোনো অতিথি শিল্পী? কে হবেন সে অতিথি শিল্পী, এ নিয়েও বলিপাড়ায় চলছে জল্পনা।
অনীশ বাজমির পরিচালনায় এই সিক্যুয়েল ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা এ বছরের শেষ দিকে। কিন্তু কারা হবেন ছবির ১০ নায়িকা। এ নিয়েই যত কৌতূহল বলিউড সিনেমাপ্রেমীদের।
ভিন্নবার্তা ডটকম/আর