
পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো মো. প্রিন্স (১৭) নামে এক বখাটে কিশোর। এক পর্যায়ে ওই ছাত্রী ও তার ভাইকে নিয়ে অশালীন ভাষায় টিকটক বানিয়ে বখাটে প্রিন্স ফেসবুকে ছড়িয়ে দেয়।
এর প্রতিবাদ করায় গত বুধবার সন্ধ্যায় ওই কিশোরীর বড় ভাইয়ের (১৯) ওপর হামলা চালায় প্রিন্সের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। এতে একজনের ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।
ওই কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, গত তিন মাস ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করতো প্রিন্স। দুই-তিন আগে প্রিন্স আমার দুই মেয়ে ও ছেলেকে উদ্দেশ্য করে টিকটক বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে গত বুধবার সকালে আমার ছেলে প্রিন্সকে ডেকে নিয়ে বকাঝকা করে। এতে রেগে যায় প্রিন্স। গত বুধবার কালাইয়া সরকারি পুকুর পাড়ে আমার ছেলে তার তিন বন্ধু মিলে গল্প করছিল। তখন প্রিন্সের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আসার ছেলের ওপর হামলা চালায়। এতে আমার ছেলের এক বন্ধুর ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।
তিনি আরও বলেন, আমি আমার পরিবার নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছি। মানসম্মানের ভয়ে চুপ ছিলাম। এখন সিদ্ধান্ত নিয়েছি আইনের আশ্রয় নিবো।
এ বিষয়ে প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার বাবা কালাইয়া গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কিশোরীর অভিভাবককে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/আর