
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) আজ প্রথম পরীক্ষা। এ কমিশন গঠনের পর আজ বুধবার কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও ১৭৬টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। তবে কমিশনের দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ দেখতে সবার চোখ থাকবে বিশেষত কুমিল্লা সিটির নির্বাচনে।
এবারই প্রথম সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর প্রতিটি ভোটকেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা (মোট ১৪৪০টি) ব্যবহার করা হচ্ছে।
সিসিটিভি ক্যামেরায় ভোটগ্রহণের দৃশ্য রাজধানীর নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারও ব্যাপক।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সিটি ও পৌরসভাগুলোয় চেকপোস্ট বসিয়ে বহিরাগতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। হামলা ও হুমকির জের হিসেবে ঝিনাইদহ পৌরসভাসহ বেশ কয়েকটি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।
এত কিছুর পরও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কুমিল্লা-৬ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারের অনড় অবস্থান। নির্বাচন কমিশন তাঁকে নির্বাচনী এলাকা ত্যাগের অনুরোধ জানালেও তিনি তা শোনেননি। আজ তাঁর প্রতিও থাকবে বাড়তি মনোযোগ।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিফাত দীর্ঘদিন ধরে সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দলাদলিতে এগিয়ে যেতে এ নির্বাচনে রিফাতের জয় বাহারের জন্য গুরুত্বপূর্ণ। রিফাত জয়ী হলে তা বাহারেরই জয় বলে ধরে নেওয়া হবে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার পুরোটাই বাহারের সংসদীয় আসনের এলাকা নিয়ে গঠিত। তিনি এবার নির্বাচনের শুরু থেকেই এলাকায় অবস্থান করছেন।
এ বিষয়ে কমিশনের অসহায়ত্ব প্রকাশ করে গত রবিবার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন আচরণবিধিতে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। মাননীয় সংসদ সদস্য এই আচরণবিধি ভঙ্গ করছেন বলে প্রতীয়মান হয়েছে। আমরা এলাকা ছাড়তে বলেছি, উনি এলাকা ছাড়েননি। ?উনি মামলা করেছেন, আমরা মামলার ফলাফল পাইনি। ’
গত সোমবার কুমিল্লায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান এবং বেগম রাশেদা সুলতানা এ বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন। তাঁরা বলেন, এ ঘটনায় ইসির ইজ্জত যায়নি, আইন প্রণেতা হয়েও আইন না মানায় ইজ্জত গেছে এমপি বাহারের। তার আগে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, সংসদ সদস্য বাহারের প্রভাব বন্ধ করতে না পারায় জাতির সামনে সম্মান হারিয়েছে ইসি। বিষয়টিকে অনেকে ইসির অক্ষমতা হিসেবেই দেখছেন।
গত সোমবারই সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার কুমিল্লা সিটি নির্বাচন সম্পর্কিত এক অনুষ্ঠানে বলেন, ‘নির্বাচন কমিশন যদি আচরণবিধি লঙ্ঘনের জন্য একজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে আসন্ন সংসদ নির্বাচন কিভাবে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রভাবমুক্ত রাখবে তারা?’
গতকাল মঙ্গলবার এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ বলেছেন, ‘যিনি ওই এলাকার সংসদ সদস্য, তিনি এলাকার স্থায়ী বাসিন্দা এবং ওই সিটি করপোরেশন নির্বাচনের ভোটার। তাঁকে নির্বাচন কমিশন এলাকা ছাড়ার কথা বলতে পারে কি? এটি কি তাঁর মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ নয়? আমি মনে করি, এভাবে তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে তাঁর মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে। ’
শেষ পর্যন্ত এলাকাতেই বাহার
ভোটের আগের দিনও তিনি কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শলাপরামর্শ করেন। দুপুর পর্যন্ত নগরীর মুন্সেফবাড়ী এলাকায় নিজের বাসভবনের সামনে ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে ছিলেন। এরপর কুমিল্লা ক্লাবে গিয়ে অবস্থান নেন। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
গতকাল রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাহাউদ্দিন বাহারের স্ত্রী মেহেরুন্নেছা। এমপি বাহারকে দেওয়া ইসির এলাকা ছাড়ার চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘এমপি বাহার কুমিল্লার অভিভাবক। তিনি একজন জনপ্রতিনিধি। তিনি তাঁর বাড়ি ছেড়ে কোথায় যাবেন? আর তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে যাবেন না? এগুলো কেমন কথা! আমার তো মনে হয় ইসির এমন চিঠি দেওয়া উচিত হয়নি। এটি প্রশ্নবিদ্ধ একটি চিঠি। ’
বাইরে থেকে লোক আনার অভিযোগ
মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে লোক এনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন একাধিক মেয়র প্রার্থী। তাঁদের অভিযোগ, সিটি করপোরেশন এলাকার আশপাশের ইউনিয়নগুলো থেকে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের লোক পাঠাতে বলেছেন বাহার।
সাক্কুর নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কবির হোসেন মজুমদার জানান, ‘আমাদের বড় শঙ্কা হলো সংসদ সদস্য বাহার বহিরাগতদের নিয়ে আসছেন। তিনি আশপাশের ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও মেম্বারদের বলে দিয়েছেন লোক নিয়ে ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত থাকতে। ’
বাহারের বিরুদ্ধে অভিযোগ দুই প্রার্থীর
গতকাল দুপুরে নগরীর নানুয়ার দিঘিরপাড়ের বাসভবনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই এমপি বাহার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় নৌকার পক্ষে কাজ করেছেন। আমি এসব ঘটনায় দুইবার নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। ইসি এমপি বাহারকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছেন। তিনি ইসির নির্দেশনা মানেননি। আমি মনে করি, নির্বাচন কমিশন এখানেই ব্যর্থ। তবে কুমিল্লার মানুষ ভোটের দিন এমপি বাহারের প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশন যদি এমপিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তারা পুরোপুরি ব্যর্থ হিসেবে সবার কাছে পরিচিত হবে। ’ সাক্কু বলেন, এমপি বাহার ভোটের আগের দিনও নির্বাচনী তৎপরতা চালিয়েছেন। এমন অবস্থায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন।
গতকাল বিকেলে নগরীর বাদুড়তলা এলাকার নির্বাচনী কার্যালয়ে এক প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘এমপি বাহার নির্বাচনী এলাকায় অবস্থান করে শুরু থেকেই নৌকার পক্ষে কাজ করেছেন। তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করলেও ইসি কার্যত তাঁকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই আমি দাবি করব, ভোটের দিন সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কুমিল্লায় দুজন নির্বাচন কমিশনার অবস্থান করে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কারণ এমপি বাহারকে নিয়ন্ত্রণের ক্ষমতা স্থানীয় প্রশাসন বা রিটার্নিং অফিসারের নেই। ’
তিন মেয়র প্রার্থীর কেন্দ্র কমিটিতে প্রায় ৫০ হাজার নেতাকর্মী
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি করে কমিটি গঠন করেছেন তিন হেভিওয়েট মেয়র প্রার্থী। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত, টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু এবং ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার তাঁদের নির্বাচন কার্যক্রম সমন্বয়ের জন্য সিটির ১০৫টি ভোটকেন্দ্রের জন্য পৃথক কমিটি করেছেন। প্রতিটি কেন্দ্রে নিজেদের অবস্থান জানান দেওয়া, সুষ্ঠু ভোটগ্রহণ, ভোটারদের কেন্দ্রে আনতে ও ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা করতে কাজ করবেন কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত একাধিক নেতা জানান, নৌকার পক্ষে নির্বাচন সমন্বয়ের জন্য ১০৫টি কেন্দ্র কমিটির প্রতিটিতে সর্বনিম্ন দেড় শ থেকে সর্বোচ্চ তিন শ পর্যন্ত নেতাকর্মী রয়েছেন। প্রায় ২২ হাজার নেতাকর্মীকে নিয়ে এ কমিটিগুলো করা হয়েছে।
কুসিকের টানা দুইবারের মেয়র ও নির্বাচনের জন্য বিএনপি থেকে পদত্যাগী নেতা মনিরুল হক সাক্কুর নির্বাচন পরিচালনায় যুক্ত কবির হোসেন মজুমদার জানান, সাক্কুর নির্বাচন সমন্বয়ের জন্য প্রতিটি কেন্দ্রেই কমিটি করা হয়েছে। প্রতিটি কমিটিতে ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীকে রাখা হয়েছে।
নির্বাচনের জন্য বিএনপি থেকে পদত্যাগ করা নেতা নিজাম উদ্দিন কায়সারের নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত একাধিক নেতা জানান, ঘোড়া প্রতীকের নির্বাচন সমন্বয় করার জন্য ১৫ হাজারের বেশি সদস্য নিয়ে ১০৫টি কেন্দ্র কমিটি করা হয়েছে। এসব কমিটিতে মূলত বিএনপির নেতাকর্মীরাই স্থান পেয়েছেন।
এজেন্টদের তালিকা জমা না দেওয়ার কৌশল
গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কায় নির্বাচনী এজেন্টদের নামের তালিকা রিটার্নিং অফিসারের কাছে জমা না দেওয়ার কৌশল নিয়েছেন দুই মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। এ দুই প্রার্থীর নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত একাধিক নেতা জানান, আজ সকালে নির্বাচনী এজেন্টরা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে হাজির হবেন। আগে থেকে রিটার্নিং অফিসারের কাছে কোনো তালিকা জমা দেওয়া হবে না।
পরীক্ষা কমিশনের
ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে কি না, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আশঙ্কা রয়েছে। ভোটের দিন কারচুপি কিংবা সহিংসতার ঘটনা ঘটলে তা নির্বাচন কমিশনের ভাবমূর্তির জন্য বড় প্রশ্ন হয়ে দেখা দেবে। কারণ এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারবিরোধী দলগুলো বারবার বলে আসছে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে শেষ করতে ইসি প্রস্তুত বলে জানিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী। গতকাল ব্রিফিংকালে তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ভোট করতে বদ্ধপরিকর। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তারা সবাই সজাগ থাকবেন। এ ছাড়া নগরীর প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি আশাবাদী, একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব। আশা করছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোথাও কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ’
সূত্র: কালের কন্ঠ
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ