
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের আপিল শুনানি পিছিয়ে আগামী রোববার দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। জায়েদ খানের আইনজীবী মো: শহীদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ মে আপিল বিভাগ শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন। ২৩ মে দায়িত্বরত প্রধান বিচারপতি মো: নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সেদিন জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো: আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সাথে ছিলেন ব্যারিস্টার মো: মোস্তাফিজুর রহমান খান।
এর আগে গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। একই সাথে চার সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা হয়। পরবর্তীতে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো: নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ২৫ এপ্রিল এক আদেশে শুনানি ২৩ মে পর্যন্ত মুলতবি করেন। এ অবস্থায় নির্ধারিত দিনে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় এলে আদালত শুনানির দিন পিছিয়ে পরবর্তী রোববার দিন ঠিক করে দেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ