
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বক্তব্যে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কি না, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।’
আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন হারুনুর রশিদ।তিনি এই ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।
হারুনুর রশিদ বলেন, ‘সীতাকুণ্ডের এই ঘটনা একটি ভয়াবহ ঘটনা। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি বেসরকারি ডিপো। এই ডিপোতে হাজার হাজার কনটেইনার সংরক্ষিত ছিল। যারা ব্যবস্থাপনার দায়িত্বে, ডিপোর মালিক এখনও গ্রেপ্তার হয়নি। যারা এটি পরিচালনার সঙ্গে জড়িত এখনও তাদের আইনের আওতায় আনা হয়নি।’
সংসদ সদস্য হারুন বলেন, ‘ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনারে ছিল সেগুলো সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢোকালে যেকোনো সময় দুঘটনা ঘটতে পারে। যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার দায়দায়িত্ব কে নেবে, যারা ক্ষতিগ্রস্ত হল তাদের কে অর্থ সহায়তা দেবে?’
ভিন্নবার্তা ডটকম/আর