
পঞ্চগড়ে রাস্তার পাশে ছেলেসন্তান জন্ম দিলো মানসিক ভারসাম্যহীন এক নারী। আজ শনিবার সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় এ ঘটনা ঘরে।
জানা যায়, ভারসাম্যহীন ওই নারীর নাম সেলিনা আক্তার (২৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে ওই নারীকে অগ্রণী ব্যাংকের সামনে সন্তান প্রসব করতে দেখেন স্থানীয় ব্যবসায়ী ছাব্বির হোসেন। ওই নারীকে সন্তান প্রসবসহ রাস্তার ওপর গড়াগড়ি করতে দেখে স্থানীয়দের ডেকে তাকে প্রাথমিক চিকিৎসাসহ কাপড় সহায়তা করা হয়। পরে ওই ব্যবসায়ী পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুসহ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। তারা জানান, সন্তানসম্ভবা হওয়ায় ৭ মাস আগে তাকে বাবার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের পাথরঘাটা গ্রামে রাখা হয়। এর মাঝে আজ বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লে রাস্তায় সন্তান প্রসব করে। লোকের কাছে জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক বলেন, সদ্য জন্ম নেয়া শিশুটির নাকে ও মুখে বালু ছিল। হাসপাতালে আনার পর সব ময়লা পরিষ্কার করে ওই নবজাতকসহ তার মাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ ও ভালো আছে।
ভিন্নবার্তা ডটকম/আর