
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষে আল্টিমেটাম ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রেজোয়ান খন্দকার। তিনি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে রমজান মাসের পর ৮ বিভাগে বিভাগীয় সম্মেলন করা হবে। নির্ধারিত সময়ে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশে একযোগে কঠোর কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে রেজোয়ান খন্দকার এসব কথা বলেন। তিনি জানান, তিন দাবি জানিয়ে এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি।
এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা, সংগঠনের সাধারণ সম্পাদক নাজিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রেজোয়ান খন্দকার বলেন, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা দিতে হবে। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পর পর পদোন্নতি বা উচ্চতর গ্রেডের ব্যবস্থা করতে হবে। সংশোধনের মাধ্যমে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে। সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, অন্য যে কোন বিভাগের চেয়ে বিচার বিভাগের কর্মচারীরা বেশি পরিশ্রম করে। তবে সুবিধা বঞ্চিত হয়ে আজ তারা মানবেতর জীবন যাপন করছে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ের জাতীয় বেতন স্কেল পর্যবেক্ষনে দেখা যায়, বর্তমানে কিছু সংখ্যক দ্বিতীয় শ্রেণির পদ যা সেসময় বেতন স্কেলে সেরেস্তাদারদের নীচে ছিলো, আজ তাদের দ্বিগুণ দেওয়া হচ্ছে, পদমর্যাদাও বেড়েছে। আমাদের পদোন্নতির জন্য ২০ থেকে ২২ বছর অপেক্ষা করতে হয়। এতে অনেকের কর্মস্পৃহা হারিয়ে যায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ন্যায্য দাবির পক্ষে থাকেন। এ দাবি তিনি বিবেচনা করবেন বলে আমি আশা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। আপনারাই সুষ্ঠু বিচারিক কার্যক্রমে বিচারকদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস