
বর্তমান সরকার বিচার বিভাগের ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
শুক্রবার বিকালে নবনিযুক্ত ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ নিপু, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. ছানাউল হক, চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম, ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান গনি।
লিগ্যাল এইড কর্মকর্তা সাব্বির মোহাম্মদ খালিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ভোলা বারের সভাপতি মো. ফরিদুর রহমানসহ সিনিয়র আইনজীবীরা।
বিচারকদের উদ্দেশে এমপি জ্যাকব বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা অসহায় জনগণের পাশে থাকবেন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন। অসহায় মানুষ বিচারকের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হলে আল্লাহর দরবারে নালিশ দেন।
ভিন্নবার্তা ডটকম/আর