
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক উডকে দলে নিয়েছিল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ। কিন্তু কনুইয়ের চোটে আইপিএল শেষ হয়ে যায় ইংলিশ তারকার।
মার্ক উডের ইনজুরিতে আইপিএলের ১৫তম আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ তৈরি হয়েছিল পেসার তাসকিন আহমেদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় তাসকিনকে আইপিএল খেলার অনুমতি দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ব্যাপারে সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তাসকিনকে লখনৌ নিতে চেয়েছিল। সামনে আমাদের দুই টেস্ট। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দেব না।
বিসিবির এই পরিচালক আরও বলেন, জাতীয় দলে খেলা সবার আগে। তাসকিনের সঙ্গে আমার কথা হয়েছে। সে মেনে নিয়েছে।
তাসকিন এখন তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম জয়ে অসাধারণ বোলিং করেছেন এই পেসার। বাংলাদেশের ৩৮ রানের জয়ে অবদান রেখেছিলেন ৩৬ রানে তিন উইকেট নিয়ে।
এদিকে এবারই প্রথম আইপিএলে সুযোগ পেয়েছিলেন তাসকিন। বিসিবি তাকে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেবে না বলে জানিয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান ও জালাল ইউনুসের সঙ্গে আলোচনার পর তিনিও আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন।
জালাল ইউনুস বলেন, তাসকিন জানিয়েছে সে আইপিএলে খেলবে না। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে আসবে। সে বুঝতে পেরেছে, জাতীয় দলে তার থাকাটা গুরুত্বপূর্ণ।
আইপিএল শুরু হবে ২৬ মার্চ। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে ৪ এপ্রিল। আইপিএলে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
ভিন্নবার্তা ডটকম/আর