
টাঙ্গাইলের বাসাইলে অবৈধ বালু উত্তোলনের তথ্য সাংবাদিদের দেওয়ায় মামুন মিয়া নামের এক যুবককে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী মামুন মিয়া ওই এলাকার মুদি দোকানি আব্দুল হক মিয়ার ছেলে।
মামুন মিয়া জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চনপুর কোদালিয়াপাড়ায় নিজ দোকানে বসে ছিল সে। এ সময় কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া (২৫), মাসুম রানা (২৪) ও মো. শাকিল আহমেদ সোহাগ (৩০) তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌর এলাকার বালিনা নদীর ঘাট এলাকা ও তার ২০০ গজ উত্তরে দুটি বাংলা ড্রেজার বসিয়ে স্থানীয় প্রভাবশালীরা ঝিনাই নদী থেকে বালু উত্তোলন করছেন। কাঞ্চনপুর পশ্চিম পাড়া ঝিনাই নদী থেকে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। এতে নদীর তীরবর্তী এলাকার বসতবাড়ি, কবরস্থান, আবাদি জমি, কাঁচা-পাকা সড়কসহ বিভিন্ন স্থাপনা ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। বাকি স্থাপনাগুলো হুমকির মধ্যে রয়েছে। বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব দ্রুত বন্ধ না হলে আগামী বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হতে পারে শত শত ঘরবাড়ি।
জানা যায়, গত বর্ষা মৌসুমে ঝিনাই নদীর মাজমের দও এলাকার বাঁকে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনকবলিত স্থানে বাংলা ড্রেজার বসানোয় পুরো এলাকায় ব্যাপক ভাঙনে বসতবাড়ি, আবাদি জমি নদীগর্ভে চলে যায়। সম্প্রতি ডিডিআইআরডবিউএসপি প্রকল্পের আওতায় ১ কোটি ২৫ লাখ ৩২ হাজার ৪৬২ টাকা ব্যয়ে আদাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কোদালিয়াপাড়া সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। মেসার্স তাপস ট্রেডার্স ১১শ মিটার এ রাস্তায় ১৪ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩১৫ মিটার প্যালাসাইটিং, ১৩ লাখ ৪৭ হাজার ৪৫২ টাকার ব্যয়ে মাটি ভরাটের কাজ করছেন। এতে স্থানীয় কিছু ছাত্রলীগ নেতা ঝিনাই নদীতে বাংলা ড্রেজার ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
এ বিষয়ে গত কয়েক দিন যাবত স্থানীয় কয়েকজন সাংবাদিক সরেজমিন তথ্য সংগ্রহ করতে থাকে। খবর পেয়ে ওই তিন ছাত্রলীগ নেতাকর্মী স্থানীয় মুদি দোকানদার মামুনের ওপর হামলা চালায়।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাপস ট্রের্ডাসের প্রতিনিধি ফরিদ আহমেদের কছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন মীম রাস্তার কাজ এনেছে, আপনি উনার বক্তব্য নেন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন মীম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমি ড্রেজার চালিয়ে দিয়ে এলাকার স্বার্থে সহযোগিতা করছি। এজন্য তিনি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা পাননি বলে জানান।
হামলার বিষয়ে জানতে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়ার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাসাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরান খান বিপুল বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সত্য হলে আমরা দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, সাইড-বাই-সাইড মাটির কাজ ধরা আছে। বালু ফেলার জন্য অর্থও বরাদ্দ আছে। ড্রেজার ব্যবহার করে বালু ফেললে এ দায়ভার ঠিকাদারকেই নিতে হবে। আমরা ড্রেজার ব্যবহারের বিপক্ষে।
বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, কাঞ্চনপুরে ওই যুবকের ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে।
এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন বলেন, ড্রেজার বন্ধে নিয়মিত অভিযান চলছে। স্পটে গিয়ে ড্রেজার পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
ভিন্নবার্তা ডটকম/আর