
সঙ্গদোষে মাদকসেবী ও ব্যবসায়ী হয়ে যায় কালিয়াকৈর থানার দক্ষিণ ভান্নারা এলাকার কেয়াম উদ্দিনের মেয়ে স্বপ্না (১৯)। স্বপ্নার চলাফেরা স্বাভাবিক না থাকায় পরিবারের সদস্যদের কাছ থেকে ছিল বিচ্ছিন্ন।
চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তার কাছ থেকে মাদক এনে বিক্রি করতো স্বপ্না। নিজেকে চট্টগ্রামের ওই মাদক ব্যবসায়ীর স্ত্রী দাবি করতো। কিন্তু স্ত্রীর স্বীকৃতি না দেওয়ার জন্যই স্বপ্নাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় মাদক ব্যবসায়ীদের ভাড়া করে চট্টগ্রামের ওই মাদক ব্যবসায়ী। পরিকল্পনামতো প্রথমে ভিকটিম স্বপ্নাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনার তিন বছর পর এ রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধর্ষণ ও হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার বরাব মসজিদ মার্কেট এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮), একই থানার ভান্নারা এলাকার ফজলুর রহমানের ছেলে মো. নাহিদ হোসেন (২৮) ও বরাব পশ্চিমপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৬)।
তাদের সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর মঙ্গলবার গাজীপুর আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এ বিষয়ে পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি কালিয়ারৈর ভান্নারা এলাকার হানিফ স্পিনিং মিলের পূর্ব পাশের বাউন্ডারি সংলগ্ন হাফেজ দেওয়ানের কাঠ বাগানের ভেতরে গর্ত থেকে স্বপ্নার (১৯) লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।
তিনি জানান, এ ঘটনায় নিহতের চাচা মো. আবুল হোসেন বাদী হয়ে ওই থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ধর্ষণ ও হত্যায় জড়িত ওই এলাকার মাদকসেবী ও ব্যবসায়ী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত মো. আলী ও নাহিদ হোসেনকে গাজীপুর আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সুজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ভিন্নবার্তা ডটকম/আর