
জয়পুরহাটের কালাইয়ে সিদ্ধ ডিম আর বাদাম বিক্রি করে চলছে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী আব্দুস সামাদের জীবন। অন্য দশজন প্রতিবন্ধীর মতো ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে না নিয়ে সিদ্ধ ডিম ও বাদম বিক্রিকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। সারাদিন বাদাম আর ডিম বিক্রির অর্থ আর প্রতিবন্ধী ভাতার টাকা দিয়েই টেনেটুনে চলছে তার সংগ্রামী জীবন।
আব্দুস সামাদ জানান, তার বয়স এখন ৪০ বছর। দুই ভাই-বোনের মধ্যে সামাদ ছোট। তার জন্ম স্বাভাবিক হলেও ৭ বছর বয়য়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। প্রয়োজন পড়ে চোখ অপারেশনের কিন্তু অর্থের অভাবে ঠিক সময়ে চিকিৎসা করতে না পারায় চিরদিনের জন্য দৃষ্টি হারায় সে। বাবা-মা থাকায় তেমন সমস্যায় পড়তে হয়নি তাকে। তবে ১৬ বছর আগে বাবা ও আট বছর আগে মাকে হারান সামাদ। এরপর থেকে সংসার নিয়ে বিপাকে পড়েন তিনি। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসারের খরচ জোগাতে এক ব্যক্তির পরামর্শে শুরু করেন সিদ্ধ ডিম আর বাদাম বিক্রি।
সামাদ আরও জানান, তার বড় মেয়ে কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আর ছোট মেয়ের বয়স তিন বছর। তাদের মুখে খাবার তুলে দিতেই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জীবনে এ ঝুঁকি নেন। শুধু সামাদই অসুস্থতায় ভুগছেন না। তার স্ত্রীও নানা রোগে ভুগছেন। তাই কোনো কাজ করতে পারে না সে। এখন তার দুই সন্তানকে কীভাবে মানুষ করবে এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, সামাদের বিষয়ে আগে জানতাম না। খোঁজ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সাহায্যে করা হবে।
ভিন্নবার্তা ডটকম/আর