
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মারা যাওয়া এক বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার না দিয়েই ফিরে গেছে পুলিশ। তার নাম গেজেটভুক্ত না হওয়ায় শুক্রবার বিকালে উপজেলার চৌডালা ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার আলোচিত বীর মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন (নসু) বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে মারা যান। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পেলেও তার দুরবস্থা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নানাভাবে সহায়তা করেন।
এদিকে তার জানাজা চৌডালা জহুর আহমেদ মিয়া গোরস্থানে শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সাবেক চেয়ারম্যান শাহ আলম, আওয়ামী লীগ নেতা ডাক্তার আনসারুল হক ও কয়েস উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, অবহেলিত এই বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে বেশ কিছু দিন পূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। তাকে আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়ি প্রদান করার নির্দেশ দেন। এছাড়া জেলা প্রশাসক ২০২০ সালের ১৪ ডিসেম্বর ওই বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা এবং কিছু উপহার সামগ্রী প্রদান করেন। কিন্তু কী কারণে এখন পর্যন্ত তার নাম গেজেটভুক্ত করা হয়নি তা জানা যায়নি।
মৃত্যুকালে ওই বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়া প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, গেজেটে তার নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে তাকে গার্ড অব অনার প্রদান না করে ফিরে যান তারা।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, গেজেটে নাম প্রক্রিয়াধীন রয়েছে। নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে রাষ্ট্রীয় সম্মান জানানো সম্ভব হয়নি।
ভিন্নবার্তা/এমএসআই