
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এর আগেও জনগণ আমাকে ভোট দিয়েছে। এবারও তারা আমাকেই ভোট দিবে। কারণ আমি তাদের সাথে কখনো মিথ্যাচার করি নাই, চাঁদাবাজি করি নাই, সন্ত্রাসী করি নাই, অত্যাচার করি নাই, জুলুম করি নাই। নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থেকে শুধু মানুষের কল্যানে কাজ করেছি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের ১৩ নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সবচেয়ে বেশি গুরুত্ব দেব খেলার মাঠ ও পার্কের জন্য। যেহেতু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া। তাই প্রয়োজনে জায়গা অধিগ্রহণ করে মাঠ এবং খালগুলো খনন করা হবে। প্রথমবার নারায়ণগঞ্জ পৌরবাসীর চাহিদা ছিল শুধু রাস্তা আর ড্রেন। কিন্তু এখন চাহিদা স্কুল ও কবর স্থান সঙ্কট দূর করা। এগুলো এবার আমি হিসেবে রাখছি নির্বাচিত হলে এগুলোর কাজ করব।
তিনি আরও বলেন, আমি আমার আগের কাজগুলোই শেষ করব। আপনারা জানেন, ওয়াসা আগে ঢাকা থেকে পানি সরবরাহ করত। এখন সিটি করপোরেশনের অধীনে চলে এসেছে। আমি চেষ্টা করব সুপেয় পানি যেন জনগণকে পৌঁছে দিতে পারি। আমাদের পাইপ অনেক পুরাতন, সব পাইপ পরিবর্তন করা হবে। পাশাপাশি খাল খনন, পুকুর ও মাঠ করা এ কাজগুলো করতে চাচ্ছি বেশি।
আইভী বলেন, স্থানীয় সরকারের অধীনে যানজট নিয়ন্ত্রণের কিছু নেই। যানজটের জন্য এসপি সাহেব আছেন, ট্রাফিক ডিপার্টমেন্ট আছে। তবে এসপি আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চায়, আমরা তা দিতে প্রস্তুত। আমাদের একটা ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান হচ্ছে। তারা জানাবে কী ধরনের যানবাহন এ শহরে থাকলে যানজট কমবে। এমআইআরটি লাইন আসছে, এটা আসলে যানজট নিরসন হবে।
ভিন্নবার্তা/এমএসআই