
রাত্রি দাস, নেত্রকোনা : পৌরবাসীকে পরিছন্ন নগরী উপহার দিতে এই প্রথম ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে নেত্রকোনা পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জেলা শহরের মগড়া নদীর পাড়ে ব্রিজের সাথে জয়ের বাজারের মোড়ে পরিছন্ন নেত্রকোনা বিনির্মাণ কার্যক্রম কর্মসূচির আওতায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আয়োজন করা হয়।
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান ও পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী, ডিডিএলজি জিয়া আহমেদ সুমন, মুক্তিযোদ্ধা নূরুল আমিন, চেম্বার অফ কর্মাসের সভাপতি আব্দুল ওয়াহেদ, কাউন্সিলর মান্নান খান আরজু, শেখ হেলাল উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান প্রমুখ।
বক্তারা নদী সংলগ্ন বাজারের সকল ময়লা নদীতে না ফেলতে বাজারের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় শহরের গুরুত্বপূর্ন মোড়ে এবং বাজারের ভেতরে বজ্য ফেলার জন্য প্রাথমিকভাবে মোট ৫০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়। পর্যায়ক্রমে পুরো শহরের সকল বাজারগুলোতে এই ভ্রাম্যমাণ ডাস্টবিন দেওয়া হবে বলে জানাযায়।
সেই সাথে সকল নাগরিককে পরিবেশ সুন্দর রাখতে নদীতে বা অন্য কোথাও না ফেলে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার আহবান জানান বক্তারা।
ভিন্নবার্তা ডটকম/এসএস