
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান ক্ষমতায় আসার পর ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসী আইএস জঙ্গিরা আফগানিস্তানে প্রবেশ করছে। এই সন্ত্রাসীদের মোকাবেলায় তিনি সামরিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দেশের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট এ কথা বলেন।
পুতিন বলেন, উগ্র আইএস জঙ্গিরা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতিও অস্থিতিশীল করে তুলতে পারে। তারা আফগানিস্তান থেকে প্রতিবেশীদের ওপর সরাসরি হামলা চালাতে পারে। আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী সেজে ঢুকতে পারে।
আফগানিস্তানের সীমান্তে নজরদারি বাড়ানো এবং সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার কথা জানানোর পাশাপাশি পুতিন একইসঙ্গে সম্মিলিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুতিরও আহ্বান জানান।
গত সপ্তাহে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও আফগানিস্তানে আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এদিকে, পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান সাইমুমিন ইয়াতিমভ বলেন, আফগানিস্তান থেকে তার দেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
গত ১৫ আগস্ট কাবুলের ক্ষমতা দখল করে তালেবান। এর পরই আতঙ্কের মধ্যে রয়েছে মধ্যএশিয়ার দেশগুলো। সেখানে সরাসরি স্বার্থ রয়েছে রাশিয়ার। ফলে চিন্তিত রুশ নেতারাও। মধ্যএশিয়ার দেশগুলোতে রাশিয়ার বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতন হলেও এ দেশগুলো এখনও রাশিয়ার ছায়াতেই রয়ে গেছে। তালেবান যদিও রাশিয়াকে বারবার আশ্বস্ত করেছে যে এসব দেশে সন্ত্রাসী রপ্তানি করবে না তারা। তবে তাতে আশ্বস্ত হতে পারছে না তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। তালেবানের কাবুল দখলের পর থেকেই তাজিকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল রুশ সেনারা।
চীন-রুশপন্থি বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার বিরুদ্ধে আইএস জঙ্গিদেরকে ব্যবহারের চেষ্টা চালিয়ে আসছে। ইরানের বিরুদ্ধেও আইএস জঙ্গিদেরকে ব্যবহার করছে আমেরিকা। তাই সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে মার্কিনীরা এসব সন্ত্রাসীদেরকে ইরাক ও সিরিয়া থেক আফগানিস্তানে স্থানান্তর করেছে। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্টের উদ্বেগ যথার্থ।
ভিন্নবার্তা ডটকম/এসএস