
হিল্লোল তালুকদার
সৃষ্টির উন্মাদনায় পথ চলা পথিকের সৃষ্ট
পুরনো পথের রেখাও ক্ষয়ে যায়।
পথ চলতে যে জল পাথরের গায়ে জমিয়ে দেয় শ্যাওলা,
নাব্যতা হারালে শীর্ন সে নদীর শ্যাওলাও অস্তিত্বহীন করে দেয় সূর্য রশ্মি।
পরম যত্নে বয়ে নিয়ে চলা পলিটুকু ঝেরে ফেলে দিয়ে
সামনে এগিয়ে চলে নদী।
কিছু ক্ষণ বুকে ধারণ করেও
মেঘগুলোকে জল করে ঝরিয়ে দেয় আকাশ।
যৌবন হারানো প্রকাণ্ড গাছটাও ঝরিয়ে দেয় তার
লালিত পল্লব।
আত্মা টা বের হয়ে যাওয়ার পর নিথর দেহটাও
নিশ্চিহ্ন হয়ে যায়।
এমন এতো শত বন্ধনে কোথাও কি প্রেম থাকে না?
থাকে না কি প্রেমে বিভোর হয়ে অমরত্ব পাওয়ার বা চিরস্থায়ী হওয়ার ব্যকুলতা?
তবে কি চারপাশের যত বন্ধন,যত সৃষ্টি সবই কেবল মোহ?
মোহ কেটে গেলেই ছিন্ন হয়ে যায় বন্ধন।
মৃতপ্রায় মানুষের পাশে দাঁড়িয়ে ঝরতে দেখেছি মায়াকান্না,
দেখেছি সেই চোখে আরও কিছু খুঁজে পাওয়ার চঞ্চলতা।
তবে কি অস্তিত্ব বিলীন হওয়ার আগেও জড়িয়ে থাকে মোহ?
প্রাপ্তি বা অর্জনের পিছনে ইদুর দৌড়ও তো মোহ।
প্রেমের নেশায় আমৃত্যু মোহে জড়িয়ে থাকাই জীবন।
সব ঝরা পাতাতেই কি আর মর্মর ধ্বনি উঠে?
কিছু পাতা তো নিঃশব্দেই মাটিতে মিশে যায়।
ভিন্নবার্তা/এমএসআই