
মুহিবুর রহমান মুহিব
ডাঙা পাড়ায় ভূতের বাড়ি
গা শিহরণ তোলে,
দিন দুপুরে পেত্নিগুলো
হাঁটে যে চুল খোলে।
দেখতে লম্বা পেত্নিগুলো
পরে সাদা শাড়ি,
চেহারা রঙ বিশ্রী কালো
ঘুরে পুরো বাড়ি।
খোলা চুলে ঝুলে ঝুলে
খিলখিলিয়ে হাসে,
ইচ্ছা হলে দলে দলে
দীঘির জলে ভাসে।
দুপুর বেলা ভূতগুলো সব
বসে শ্যাওড়া গাছে,
হাত বাড়িয়ে ধরে মানুষ
কাউকে পেলে কাছে।
পেত্নিগুলো দুষ্টু জাতের
ভয়ে সবাই কাঁপে,
কোন মানুষ দেখতে পেলে
কাছে যায় এক লাফে।
যে দেখেছে একবার ওদের
আর আসে না ফিরে,
সব রহস্য ডাঙা পাড়ার
এই বাড়িটি ঘিরে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ