
পবিত্র দাশ
যখন আমি হারিয়ে যাবো
আমার খবর রাখবে কি?
ফিরে আসার প্রহর গুণে
বঁধুর বেসে সাঁজবে কি?
যখন আমি মাটির ঘরে
ব্যাকুল ডাক শুনবে কি?
সিঁথির সিঁদুর রঙিন করে
উদাস হয়ে মাখবে কি?
যখন আমি স্বপ্নে আসবো
তোমার ঘুম ভাঙ্গবে কি?
রেশমি চুড়ি রঙিন ফিতায়
আমায় বেধে রাখবে কি?
যখন আমি আঁধার রাত্রি
প্রদীপ শিখা জ্বালবে কি?
কাজল চোখে, চোখটি রেখে
সুখের স্বপ্ন দেখবে কি?
যখন আমি বর্ষা প্লাবন
অঝর ধারে ভিজবে কি?
দিঘল কেশে সিক্ত বেসে
জুঁই চামেলি বাঁধবে কি?
যখন আমি আকাশ হবো
চাঁদটা হয়ে হাসবে কি?
বকুল মালা গলে পরে
চুপটি করে বসবে কি?
যখন আমি ফ্রেমের ছবি
আদর করে মুছবে কি?
বোকার মতো জাপটে ধরে
গুমড়ে গুমরে কাঁদবে কি?
যখন আমি অন্তিম যাত্রী
শিউলি হয়ে ঝরবে কি?
আঁখি মেলে দেখে নিও
শেষ বিদায়ের,শেষ ছবি।
ভিন্নবার্তা/এমএসআই