
স্মরজিৎ দত্ত
আমি সেই নারী;
বেশ ক’বছর আগে
সুযোগসন্ধানীর দল
লালসার লেলিহান জিহ্বাকে
দমন করার অযুহাতে
ঝাঁপিয়ে পড়েছিল আমার উপরে;
ছিন্নভিন্ন করেছিল আমার
এই আটপৌরে মেয়েটির শরীরকে।
পাশবিক নেশায় মত্ত ওরা
এক নয় একে একে পাঁচ জন
তাদের ঐকান্তিক লালসা
নিবৃত্তি করেছিল সেদিন।
আমি সেই মেয়ে
বেশ ক’বছর আগে
ধর্ষিত সেই নারী ;
ব্যস্ত শহরের বুকে
ব্যস্ত সন্ধ্যার আঁধারিতে
ধর্ষিত হয়েছিল যে,
সেই আমি।
আমি সেই নারী
বস্তাপঁচা একঘেয়েমি
খবরের মাঝে,স্মার্ট
তথাকথিত সাংবাদিক
লাইভ টেলিকাস্টে সেদিন
দীপ্ত কণ্ঠে উচ্চারিত করেছিল তাদের কণ্ঠে;
শহরের বুকে ভর সন্ধ্যায়
ধর্ষিত হয়েছে এক নারী।
চোখের পলকে সেদিন,
নেটদুনিয়ায় দর্শকের
ভিড় জমে উঠেছিল ক্রমান্বয়ে
টিআরপি তোলার দল
সেদিন ওই মিডিয়ায়-
খবর রসিয়ে, বিশিষ্টজনের
আলোচনা তুলে বা কখনো
এক মেকী উৎকণ্ঠা প্রকাশ- করে
ব্যবসা করেছিল সেদিন তারা;
ব্যাস এই পর্যন্তই।
তারপর,তারপর কোন প্রভাব কিংবা
হয়তো কোনো প্রতিহিংশা,
হয়তো কোনো প্রেম,
কিংবা অবৈধ সম্পর্ক ইত্যাদি
প্রচার হলো বেশ কদিন ;
এমনকি এই অনাবশ্যক
অনিশ্চিত অপ্রতুল-তথ্য
দলিল হিসেবে দাখিল হলো কোর্টেও।
তারপর চলল বিচার,
ধীরে ধীরে খবরের কাগজের
পাতা থেকে এক দুই করে
একদিন হল অবলুপ্ত।
আমি সেই নারী,
যেদিন পাশবিক অত্যাচারেও
যারা হয়নি ক্ষান্ত,
এসিড ছুড়ে এই মুখ,
এই দেহসৌষ্ঠবকে করেছিল বিকৃত।
আমি সেই নারী
আজও আছি বেঁচে
লোকচক্ষুর অন্তরালে,
প্রতিবাদের লেলিহান শিখাতে।
সেই অন্তরাল থেকেই
তুলি প্রশ্ন আজ?
কোথায় গেল বুদ্ধিজীবী
কোথায় সেই নারী সমাজ
আমার নারীত্ব ওই
ওই মহিলা সাংবাদিকদের মধ্যেও বেঁচে আছে;
বেঁচে আছে তথাকথিত
বুদ্ধিজীবী মহিলাদের মধ্যেও।
তবে তারা আজ কোথায়
নই আমি সেলিব্রেটি,
নই ধোনির লালিত সন্তান
তাই কি এই মৌনতা,
তাই কি এই অবলুপ্তি।
ভিন্নবার্তা/এমএসআই